অক্টোবরে দেশে আসছে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন

৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:২৯  
আগামী অক্টোবর মাসে দেশের বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামি ও নিরাপদ ফোন ‘ফিনি’। সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনটি ইতিমধ্যেই আমদানির ছাড়পত্র পেয়েছে। সূত্রমতে, সিরিন ল্যাবস পরিবেশিত ‘ফিনি’ নামের ডুয়াল স্ক্রিন নকশার স্মার্টফোনটি দেশে আমদানি করতে গত ২৭ আগস্ট আমদানিকারক প্রতিষ্ঠানকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ছাড়পত্র অনুযায়ী আগামী অক্টোবর মাসে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ফোনটি উন্মোচন করতে পারে ইনডেক্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিনি হচ্ছে বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ৮.১-এর ওপর ভিত্তি করে তৈরি সিরিন ওস-ভিত্তিক ফোনটিতে দুই ইঞ্চি স্লাইডার ‘সেফ স্ক্রিন’ রয়েছে। এতে ইন্ট্রুসন প্রোটেকশন সিস্টেম (আইপিএস) রয়েছে। এর বাইরে নিরাপদ যোগাযোগ, একাধিক কাজের সক্ষমতা, ক্রিপটোওয়ালেট এবং গুগল প্লে স্টোরের পাশাপাশি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন (ডিঅ্যাপ) সুবিধা থাকছে।